বিজ্ঞাপনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে। দক্ষিণ কোরীয় স্মার্টফোন কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন (এসিসিসি)।
জি নিউজ জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দেওয়ার দাবি করে সংস্থাটি।
এসিসিসির চেয়ারম্যান সিমস বলেন, ‘স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে যে, ফোনগুলো যেকোনো রকমের পানি নিচে, এমনকি সমুদ্র বা সুইমিংপুলের পানির তলাতেও ব্যবহার করা যেতে পারে। এই তথ্য একেবারেই সত্য নয়।’ তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনে দেখানো হয়েছে পাঁচ ফুট পানির গভীরে অন্তত ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে গ্যালাক্সি স্মার্টফোন। কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ পরীক্ষাতেই এটি ভুল প্রমাণিত হয়েছে।’
জানা গেছে, স্যামসাংয়ের বিরুদ্ধে এসিসিসির এই অভিযোগ প্রমাণিত হলে ১০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার জরিমানা গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। উল্লেখ্য, বাজারে এসেই জনপ্রিয়তা অর্জন করে স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোন। র্যাংকিংয়েও শীর্ষেই গ্যালাক্সি সেট। এ ছাড়া স্মার্টফোনের বাজারে পুরো চতুর্থ অবস্থানে আছে কোম্পানিটি। বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মোট ৪০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে তারা।
