বাজেট পেশে ঔপনিবেশিক প্রথা ভাঙলেন সীতারমণ

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১২:২৩ এএম

মোদি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর গতকাল শুক্রবার প্রথম বাজেট পেশ করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রথা ভেঙে ‘ব্রিফকেস’ হাতে নয় বরং লাল কাপড়ে মোড়ানো বাজেট খতিয়ান নিয়ে লোকসভায় নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে আসেন।

ভারতীয় কর্মকর্তারা বাজেট খতিয়ান মোড়ানো ওই উপকরণটিকে ‘বহি খাতা’ নাম দিয়েছেন। প্রধান অর্থ উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ান স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে “বাজেট ব্রিফকেস”র পরিবর্তে তিনি “বহি খাতা” নিয়ে লোকসভায় হাজির হয়েছেন। এটা ভারতীয় ঐতিহ্য। এটা পশ্চিমা দাসত্ব থেকে আমাদের মুক্তির প্রতীক। এটা শুধু একটি বাজেট নয়, বরং বহি খাতা।

তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রীর বিশ্বাস এত বড় একটি আয়োজনে চামড়ার তৈরি পণ্য মঙ্গলজনক হবে না। যে কারণে তিনি চামড়ার তৈরি ব্যাগ না নিয়ে বহি খাতা বেছে নেন। একে শুভ বলেও মনে করা হয়।’

বিশ্বে ১৮ শতকে প্রথমবার যুক্তরাজ্যে জনসমক্ষে ‘বার্ষিক বাজেট’ উপস্থাপন শুরু হয়। যুক্তরাজ্যের সাবেক বাজেট চিফ উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন ১৮৬০ সালে ওই বাজেট উপস্থাপন করেন। তিনি লাল রঙের একটি ব্রিফকেসে তার কাগজপত্র নিয়ে এসেছিলেন। ভারতের সাবেক সব অর্থমন্ত্রী লাল, কালো, তামাটে বা বাদামি রঙের ব্রিফকেস হাতে বাজেট পেশ করতে এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত