শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে আনুসকা আয়াত বন্ধন (১৪) নামে ৯ম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে ওই ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বন্ধন শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের ওমান প্রবাসী আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।
নিহতের স্বজনদের দাবি বন্ধনকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, বন্ধন শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে ৯ম শ্রেণিতে পড়াশোনা করছিল। শনিবার সকালে বন্ধনকে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী চিৎকার দিলে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তবে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ পরিবার। তাদের দাবি, কেউ তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
নিহতের ফুপু ও শ্রীবরদী উপজেলা আনসার ভিডিপির সহকারী অফিসার রওশন আরা বলেন, আমার ভাতিজির সঙ্গে শুক্রবারও তার বাবা দেখা করেছে। আমি মনে করি আমার ভাতিজিকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অধিক তদন্ত সাপেক্ষে কথা বলা উচিত বলে মনে করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। সব কিছু শেষে আমরা বিস্তারিত জানাতে পারব।
