শিশুকে নদীতে ফেলে হত্যা করল সৎ মা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৯:০৪ পিএম

সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে সেতুর উপর থেকে সুরমা নদীতে ফেলে দেওয়া ৫ বছরের শিশু মাহার লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় সুরমা নদীতে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে সিলেটের জালালাবাদ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শিশু মাহাকে তার সৎ মা সালমা বেগম (২৮) ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন। এ ঘটনায় শিশুর বাবা জিয়াউল হকের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালমা বেগমকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি ওয়াকিল উদ্দিন জানান, শিশু মাহাকে তার সৎ মা নদীতে ফেলার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নদীতে কয়েকঘন্টা তল্লাশি চালিয়েছিলেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় শিশুটি তলিয়ে অনেক দূরে চলে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মাহার লাশ ভেসে উঠে।

প্রসঙ্গত সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের দ্বিতীয় স্ত্রী সালমা বেগম গত শুক্রবার শিশু মাহাকে নিয়ে নিজের বাবার বাড়ি মীরেরগাঁওয়ে যাওয়ার কথা বলে কুমারগাঁওয়ে সেতুর উপর থেকে নদীতে ফেলে দেন। স্থানীয়রা ঘটনাটি দেখে সালমা বেগমকে আটক করে পুলিশের সোপর্দ করেন। এ ঘটনায় রাতেই জিয়াউল হক বাদী হয়ে তার দ্বিতীয় স্ত্রী সালমা বেগমের বিরুদ্ধে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত