মাদারীপুরে বরিশাল খালের দুপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। পাশাপাশি খালের ময়লা-আবর্জনা, কচুরিপানাও পরিষ্কার করা হচ্ছে। গতকাল শনিবার সকালে শহরের ইটেরপুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। এ সময় পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, এলজিডিইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, সংরক্ষণ ও পরিচর্যার অভাবে জেলার বেশ কয়েকটি খাল দখল এবং আবর্জনা পড়ে ভরাট হয়ে যাচ্ছে। একসময় প্রতিটি খাল দিয়ে নৌযান চলাচল করত, সেই অবস্থা ফিরিয়ে আনতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া খালে পানি প্রবাহ ঠিক রাখতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খালের দুপাড়ে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খালের মধ্যে থাকা ময়লা-আবর্জনা, কচুরিপানাও পরিষ্কার করা হচ্ছে। শনিবার বরিশাল খালের দুপাড় থেকে ২০-২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান উপস্থিত ছিলেন।
