সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় বাধা উল্লেখ করে এর বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। পুলিশও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে এ আন্দোলন সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলনে নেতৃত্বে এগিয়ে আসতে হবে দেশের মেধাবী তরুণ সমাজকে।’ রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের ‘মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯’-এ প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুনাক সভানেত্রী হাবিবা জাবেদ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মইনুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এআইজি (হেলথ অ্যান্ড এডুকেশন) তাপতুন নাসরীন। অনুষ্ঠানে ২০১৮ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা ২০১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
