চলতি মৌসুমে চট্টগ্রাম-জেদ্দা সরাসরি হজ ফ্লাইট আজ রবিবার শুরু হচ্ছে। ৪০৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
বিমান সূত্র জানায়, বিজি ৩২০৯ ফ্লাইটটি ৪০৮ জন হজযাত্রী নিয়ে রবিবার বিকেল সাড়ে ৪টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে। এরপর আগামীকাল বেলা পৌনে ১১টা, ৯ জুলাই বিকেল সোয়া ৩টা, ১০ জুলাই সকাল ও রাত সাড়ে ৯টা থেকে ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট ছেড়ে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান খান দেশ রূপান্তরকে জানান, এবার হজযাত্রীদের জন্য নির্ধারিত ফ্লাইটের অতিরিক্ত ১৯টি সরাসরি হজ ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে ১২টি চট্টগ্রাম-জেদ্দা ও ৭টি চট্টগ্রাম-মদিনার ফ্লাইট। এসব ফ্লাইটে প্রায় ১০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
