খালেদা জিয়ার মুক্তি দাবি

১৮ জুলাই থেকে বিভাগীয় সমাবেশ শুরু বিএনপির

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০২:১৫ এএম

দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করতে বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। আগামী ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু করবে দলটি। বিভাগীয় সমাবেশের পাশাপাশি চলবে দলের পুনর্গঠন কাজও। গতকাল শনিবার

দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিভাগীয় সমাবেশের তারিখ চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নিজেরা আলোচনা করে তারিখ চূড়ান্ত করে কেন্দ্রকে জানাচ্ছেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক। ওই দিনই তাকে কারাগারে নেওয়া হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন। আগামীকাল ৮ জুলাই তার কারাবন্দিত্বের সময় হবে ১৭ মাস। 

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আগামী ১৮ জুলাই বরিশালে সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে অনুমতি পাওয়ার ওপর নির্ভর করে সেটি পিছিয়ে ১৯ বা ২০ তারিখও হতে পারে। এ ছাড়া ২০ জুলাই চট্টগ্রাম ও ২৫ জুলাই খুলনায় বিভাগীয় সমাবেশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ আগস্ট ঈদুল আজহার আগেই সব বিভাগীয় শহরে সমাবেশ শেষ করতে চায় বিএনপি।

গত ২২ জুন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেছিলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করার সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। এর অংশ হিসেবে প্রথমে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।

এদিকে বিভাগীয় সমাবেশের কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতারা। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে দলের জাতীয় কাউন্সিলের আগে দল পুনর্গঠনের কাজও এগিয়ে নিচ্ছেন তারা। এরই অংশ হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়া রাজশাহী, নাটোর ও পাবনা জেলা কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আবু সাঈদ চাঁদকে আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শালকে যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারকে সদস্য সচিব করে রাজশাহী জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমিনুল হককে আহ্বায়ক, কাজী শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপির ৪৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক, আবদুল্লাহ আল মাহমুদ ওরফে মান্নান মাস্টারকে যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে পাবনা জেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু গতকাল দেশ রূপান্তরকে বলেন, সমাবেশের তারিখ নির্ধারণ করতে গতকাল শনিবার বিকেলে তারা বরিশালে দলের কার্যালয়ে বরিশাল জেলা, মহানগরসহ আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে সমাবেশের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গতকাল বলেন, ২০ জুলাই চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

২৫ জুলাই খুলনায় বিভাগীয় সমাবেশের বিষয়টি গতকাল দেশ রূপান্তরকে জানান বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, গত শনিবার খুলনায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথসভায় ২৫ জুলাই সমাবেশের তারিখ চূড়ান্ত করা হয়। সমাবেশে খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এরই মধ্যে তিনি রাজশাহী জেলা ও মহানগর নেতাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন। দুই-একদিনের মধ্যে রাজশাহী যাবেন তিনি। জেলা নেতাদের নিয়ে বৈঠক করে বিভাগীয় সমাবেশের তারিখ চূড়ান্ত করবেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত