ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে তালের শাঁস ও ওলকচু। পাকা তালের রস, কচি তালের শাঁস, অঙ্কুরিত তালের আঁটির ভেতরের সাদা অংশ ও ওলকচু স্বাভাবিক খাবারের পাশাপাশি পরিমিত মাত্রায় খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। গবেষণা করে এমনটি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শেখ শাহিনুর রহমান। গবেষক পিএইচডি পর্যায়ের গবেষণায় ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের ওপর স্বল্পমাত্রায় তালের রস, শাঁস এবং ওলকচু
প্রয়োগ করে এটি নিয়ন্ত্রণে সফল হন। বিশেষ করে কচি তালের শাঁস এবং পরিপক্ব তালের অঙ্কুরিত শাঁস ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ ও পরিপূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আনতে ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
এ বিষয়ে শেখ শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘অদূর ভবিষ্যতে আরও কয়েকটি উদ্ভিতজাত উপাদানের সংমিশ্রণে ডায়াবেটিস নিরাময়ে সক্ষম খাদ্য উপাদান তৈরির জন্য গবেষণা চালিয়ে যাব।’ পরিমিত অর্থ সহায়তা পেলে গবেষণার মান ও পরিধি বাড়ানো সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
তাল ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলেরই গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল। কচি ও অঙ্কুরিত তালের সাদা শাঁস বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে জনপ্রিয়। গবেষক জানান, সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ ফল হলেও কুসংস্কারের কারণে অনেক ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি পাকা তালের রস বা এর শাঁস খাওয়া থেকে বিরত থাকেন। এ ছাড়া মাটির নিচের সবজি হিসেবে ওলকচুর প্রতিও মানুষের রয়েছে যথেষ্ট খাদ্যভীতি। ইবির ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগে কয়েক বছরব্যাপী পরিচালিত গবেষণায় তাল এবং ওলকচু সম্পর্কে প্রচলিত ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে।
