দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সঙ্গে ১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। আগামী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসেরের উপস্থিতিতে এ অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানান।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো.মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি স্বাক্ষর করেন। হাসান শিপলু জানান, ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন তেল পরিশোধন করা সম্ভব হবে। এতে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে অর্থায়নের জন্য গত জুনে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ১০০ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদনের ধারাবাহিকতায় এবার সরকারের সঙ্গে আনুষ্ঠানিক অর্থায়ন চুক্তি স্বাক্ষর হলো। আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসের তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসেন। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। এ সফরের মধ্যেই ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের চুক্তিটি স্বাক্ষর হলো।
১৯৬৮ সালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠা করা হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটির দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১০ সালে নেওয়া হয়েছিল। তবে অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে নানা জটিলতায় প্রকল্পটি বারবার পিছিয়ে যায়। নতুন এই অর্থায়ন চুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণকাজ বাস্তবায়নের পথ খুলল।
চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আইএসডিবির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসের। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।