তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সরকারের ভালো-মন্দ তুলে ধরবেন, সমালোচনা করবেন। তবে তাদের কলমের লেখায় যেন কারও ক্ষতি না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটন। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াত নেতা জিয়াউল মোর্শেদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজী, প্রবীণ সাংবাদিক এম আবু তাহের ও শওকাত হোসেন রবিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমি সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপের চর্চায় বিশ্বাসী নই। কোনো সাংবাদিক তার পক্ষে লিখলেন কি না, সেটি নিয়ে চাপ সৃষ্টি করা কিংবা সংবাদ প্রকাশের কারণে কারও চাকরি বা পেশাগত ক্ষতি করার মতো কোনো চর্চা করতে চাই না। আমি চাই একদম ফ্রি মিডিয়া। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। তিনি আরও বলেন, সরকারের কাজ ভালো হচ্ছে, নাকি খারাপ হচ্ছে, তা সাংবাদিকরা দেখবেন এবং স্বাধীনভাবে তুলে ধরবেন। ভোলায় সরকারের দেওয়া বিভিন্ন বরাদ্দ ও উন্নয়নকাজ সঠিকভাবে হচ্ছে কি না সেটিও গণমাধ্যমকে নজর রাখার আহ্বান জানান তিনি।
তার মতে, সাংবাদিকদের সংবাদ প্রকাশের উদ্দেশ্য হবে জনস্বার্থে সরকারের ভুলত্রুটি তুলে ধরা, যাতে সরকারও প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ পায়। ভোলায় মাদককে বর্তমানে অন্যতম সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে পার্থ বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে জেলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলে জানান তথ্যমন্ত্রী।