নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাই স্কুলের ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান শিক্ষক আফানুর হককে গত শনিবার রাতে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই শিক্ষকের স্বজনরা টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি করে বলেছে, ম্যানেজিং কমিটির সভাপতির নিকটজনকে এ পদে বসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
জানা গেছে, স্থানীয় হাইজাদীর সিংহদী এমএ মোতালিব ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ মোতালিব ভূঁইয়ার করা মামলায় শনিবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ও মামলা সূত্রে জানা যায়, ২০১১-এর ২ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে কর্মরত ছিলেন আফানুর হক। তার কাছে বিদ্যালয়ের ফান্ডের হিসাব চাওয়া হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করেন।
পরে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে ২০১১ সালের জুলাই থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব চাওয়া হলে তিনি সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। ২০১৯ সালের ৩০ মে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে যে, আফানুর হক প্রধান শিক্ষক থাকাকালে ৪০ থেকে ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আফানুরের ভাই এনামুল বলেন, ‘আমার ভাইকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
