কক্সবাজারের চকরিয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় গৃহবধূ ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
খুনের শিকার নাজমা বেগম (৪৫) হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শান্তিনগর মুসলিম পাড়ার রিকশাচালক কলিম উল্লাহর স্ত্রী। তাদের ২ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বলেন, ‘ওই নারী বা স্বামীর সাথে কোনো বিষয়ে কারো বিরোধ রয়েছে বলে শুনিনি।’
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “হত্যাকাণ্ডটি রহস্যজনক। তাই সম্ভাব্য একাধিক বিষয় মাথায় রেখেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।”
