হাইকোর্টে জামিন পাননি ওসি মোয়াজ্জেম

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৯:০৯ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ফেনীর সোনাগাজী থানার বরখাস্ত ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেননি হাইকোর্ট।

তার করা আবেদনটি মঙ্গলবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে মোয়াজ্জেমের পক্ষে ছিলেন আইনজীবী মো. আহসান উল্লাহ ও সালমা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামনুর রশীদ। এ মামলায় জামিন পেতে গত ২ জুলাই হাইকোর্টে আবেদন করেছিলেন মোয়াজ্জেম হোসেন।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি মোবাইলে ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগের মামলায় ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১৬ই জুন রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়। 

সোনাগাজীতে স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে একই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগের প্রতিবাদ ও থানায় মামলা করলে নীপিড়নকারী ওই অধ্যক্ষ ও তার অনুসারীদের রোষানলে পড়েন নুসরাত। গত ৬ এপ্রিল সকালে ওই মাদ্রাসার সাইক্লোন সেন্টার ভবনের ছাদে নুসরাতের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী কয়েকজন। গুরুতর অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন নুসরাত।

এর আগে গত মার্চ মাসে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে সোনাগাজী থানায় শ্লীলতাহানির অভিযোগ করার পর ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে থানায় ডেকে নিয়ে তার জবানবন্দি মোবাইলে ভিডিও করেন।

এরপর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যা পিবিআইয়ের তদন্তেও উঠে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত