গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসের হাতে এ পদক তুলে দেওয়া হয়। ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে যুগান্তকারী অবদানের জন্য ড. ইউনূসকে এই পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউনূস সেন্টার জানায়, ড. ইউনূসের প্রবর্তিত ক্ষুদ্রঋণের মাধ্যমে পৃথিবীর লাখো দরিদ্র নারী নিজেদের উদ্যোক্তায় পরিণত করে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল উইমেন রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউটের একটি প্রকল্প হলো গ্লোবাল সামিট অব উইমেন। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।
