ভূমধ্যসাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এই অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন।
এএফপির খবরে জানায়, এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৩৭ জনই বাংলাদেশি। এ ছাড়া আটজন মরক্কোর, আটজন মিসরের, সাতজন আলজেরিয়ার, চারজন সুদানের, দুজন চাদের ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন।
ন্যাশনাল গার্ডের মুখপাত্র জানান, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলের শহর জুওয়ারা থেকে যাত্রা শুরু করে। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছামাত্র এর তলায় ফুটো দেখা দেয়। তবে প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১১ জুন তিউনিসিয়া উপকূল থেকে ৭৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল একটি মিসরীয় জাহাজ। এই দলটি লিবিয়া থেকে রওনা দিয়েছিল। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি এবং বাকিরা মরক্কো, সুদান ও মিসর থেকে আসা। তাদের কীভাবে উদ্ধার করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে মে মাসে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৬৫ অভিবাসীর মৃত্যু হয়েছিল। এদের মধ্যে বাংলাদেশিও ছিলেন। ইউরোপ যাওয়ার প্রত্যাশায় অবৈধভাবে লিবিয়া থেকে নৌকায় করে তারা সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।
