গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। বাড়ির পাঁচটি কক্ষের তালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা আলমারি ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করে এবং দলিলপত্র নিয়ে যায়। গত মঙ্গলবার গভীর রাতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে ইমরান এইচ সরকারের বাবা-মা ছাড়া কেউ ছিলেন না।
ইমরান এইচ সরকার মোবাইল ফোনে জানান, ‘এটা সাধারণ কোনো চুরির ঘটনার মতো নয়। এটা একটা পূর্বপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টার ঘটনা বলেই মনে হচ্ছে আমার কাছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মূলত আমাকে বা আমার পরিবারের মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টির জন্য করেছে। বলতে পারেন আমাকে ওয়ার্নিং দিল ওই দুর্বৃত্তরা। কেননা এক সপ্তাহের মধ্যে আমার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল।’
ইমরান এইচ সরকারের বাবা মতিউর রহমান জানান, সারা রাত বৃষ্টি ছিল। আমি আর আমার স্ত্রী বাড়ির একটা কক্ষে ঘুমিয়েছিলাম। বাড়িতে ১০/১২টি কক্ষ রয়েছে। সবগুলো কক্ষের তালা না ভেঙে শুধুমাত্র পাঁচটি কক্ষে প্রবেশ করে দুর্বৃত্তরা।
রাজীবপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘আমরা সরেজমিনে দেখেছি তাতে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।’
