মেকআপ গলে গেলে

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০১:৪২ এএম

ভ্যাপসা গরমে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ফলে বেশ ঘাম হয় এবং মেকআপ গলে যায় বা ভেসে ওঠে। মেকআপ করার কিছুক্ষণ পর মুখ কালচে দেখায়। একে মেকআপ

অক্সিডাইজড বলে।  এ সমস্যা সমাধানের উপায় বললেন ভ্যালেন্টিনা বিউটি পার্লারের বিউটিশিয়ান খালেদা পারভীন সিনথিয়া মেকআপ শুরু করার আগে কিছু বিষয় জানা থাকলে সমস্যার সমাধান করতে পারবেন সহজেই।

মেকআপ গলে গেলে : মুখের বেইস শুরুর আগে মুখে এক টুকরো বরফ ঘষে নিন। মুখের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে চাইলে বরফ ঘষার আগে স্ক্রাব করে নিতে পারেন। এতে ত্বকের অমসৃণ ভাব কেটে যাবে এবং মেকআপ ভালোভাবে বসবে। যাদের ত্বক তৈলাক্ত তারা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আর যাদের ত্বক শুষ্ক তারা সাধারণ বা ওয়াটার বেইস ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মেকআপকে গলে যাওয়া থেকে রক্ষা করতে এবং দীর্ঘস্থায়ী করতে প্রাইমারের জুড়ি নেই। হাতে খুব অল্প পরিমাণ নিয়ে মুখে ঘষে লাগিয়ে ফেলুন, নিখুঁত বেইস তৈরি করতে সুবিধা হবে। ভ্যাপসা গরমে ফাউন্ডেশন এড়িয়ে যাওয়াই ভালো। বিবি ক্রিম ব্যবহার করুন। আর অয়েল ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা ময়েশ্চারাইজারের সঙ্গে সামান্য ফাউন্ডেশন মিশিয়ে ব্যবহার করুন। মেকআপ দীর্ঘ সময় থাকবে। ফাউন্ডেশনের পাশাপাশি কমপ্যাক্ট বা ফেসপাউডার ব্যবহার করতে পারেন। এরপর ত্বকের দাগ ঢাকতে কন্সিলার ব্যবহার করুন। শেষে ব্রাশের সাহায্যে পাউডার লাগিয়ে নিন। চোখের সাজের ক্ষেত্রে ম্যাট পাউডার বেসড আই শ্যাডো দিন। দিনের বেলায় হালকা সাজের জন্য ব্যবহার করুন পেনসিল কাজল ও পেনসিল আইলাইনার। ছড়িয়ে যাওয়া রোধ করতে ব্রাশের সাহায্যে এর ওপর হালকা পাউডার দিয়ে নিন। মাশকারা আর আইলাইনার দিন পানিনিরোধক। ফলে ঘাম হলেও চোখের সাজ নষ্ট হবে না। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার সবচেয়ে সুবিধাজনক। সেমি ম্যাট হলেও সমস্যা নেই। তবে এর বাইরে না যাওয়াই ভালো। লিপস্টিক লাগানোর পর সামান্য পাউডার দিলে অনেকক্ষণ পর্যন্ত থাকবে। ব্লাশন দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করুন পাউডার বেসড ব্লাশ। কনটোরিংয়ের জন্য ম্যাট ব্রঞ্জার বেছে নিতে পারেন। সবশেষে মেকআপ সেটিং স্প্রে করুন। সেটিং স্প্রে না থাকলে সামান্য গোলাপজল স্প্রে করুন। কারণ, এটিও প্রায় একইভাবে মেকআপকে সেট করার কাজ করবে।

মেকআপের পর

 মেকআপ শেষ করার পর হাত দিয়ে মুখের ত্বক স্পর্শ করা থেকে বিরত থাকুন। ঘাম হলে টিস্যু দিয়ে আলতো করে চেপে মুছে নিন। ঘষলেই মেকআপ নষ্ট হওয়া শুরু করবে।

 যখনই অনুভব করবেন ঘাম হচ্ছে এবং মেকআপ গলতে পারে তখন টিস্যু দিয়ে আলতো করে চেপে শুধু ঘামটুকু মুছে নিন।  বাইরে বের হলে ব্যাগে সব সময় টিস্যু রাখুন।

 গরমে দিনের বেলায় ভারী মেকআপ এড়িয়ে চলুন। কারণ, গরমে যত বেশি মেকআপ করবেন, তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বাড়বে। মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য সব সময় বিশেষ করে দিনের বেলা, যতটা সম্ভব অয়েল ফ্রি আর পানি নিরোধক মেকআপ ব্যবহার করার চেষ্টা করুনÑ মুখের বেইস থেকে শুরু করে কাজল, মাশকারা, লিপস্টিক পর্যন্ত যতটা পারা যায়।

মেকআপ কালচে হলে : অনেকেরই মেকআপ করার পর ত্বক কালচে হয়ে যায়। মেকআপের জন্য যে বেইস ব্যবহার করছেন, তাতে থাকা পিগমেন্ট ও ময়েশ্চার ত্বকের নিঃসৃত স্বাভাবিক তেলের সঙ্গে যদি কোনো কারণে মিশে যেতে না পারে, তখন ত্বকের তেলের সঙ্গে বিক্রিয়া করে, ফলে ত্বক কালো দেখায়। ফাউন্ডেশনে মিনারেলসগুলো ত্বকের সঙ্গে বিক্রিয়া করে মেকআপকে অক্সিডাইজড করে, সেগুলো হলো মেটাল অক্সাইড, টিটানিয়াম ডাই-অক্সাইড, আয়রন অক্সাইড ও জিংক অক্সাইড।

মেকআপের পরে যা করবেন

 যারা তৈলাক্ত ত্বকের অধিকারী, তাদের এ সমস্যায় বেশি পড়তে হয়। তারা মেকআপের সময় ময়েশ্চারাইজার লাগানোর আগে টোনার ব্যবহার করুন। এতে তেলের নিঃসরণ কম হবে, মেকআপের পর তা ত্বকের সঙ্গে কোনো ধরনের বিক্রিয়া না করে। ফাউন্ডেশনের সঠিক শেড নির্বাচন করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

 ফাউন্ডেশন কেনার সময় দুটির বেশি অক্সাইড উপাদান থাকলে তা কেনা থেকে বিরত থাকুন। কারণ ফাউন্ডেশনের মধ্যে এগুলোর উপস্থিতি থাকলে মেকআপ কালো হয়ে যায়।

 অনেকেই আছেন হাত দিয়ে ফাউন্ডেশন লাগান ও ব্লেন্ড করেন। হাত শুষ্ক হতে হবে। হাতের ঘাম ও আর্দ্রতা ফাউন্ডেশন এবং মুখের সঙ্গে মিশে মেকআপকে কালো করে।

 বেশি কাভারেজ পাওয়ার জন্য, মেকআপের পর মুখ বেশি উজ্জ্বল আর ফর্সা দেখানোর জন্য অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করেন।

মনে রাখতে হবে, সব ফাউন্ডেশনই হাই কাভারেজ দেয় না। লাইট, মিডিয়াম, হেভিÑ তিন ধরনের ফাউন্ডেশন থেকে চাহিদা অনুসারে বেছে নিতে হবে। যেকোনো দাগ বা চোখের নিচের কালি ঢাকার জন্য কন্সিলার ব্যবহার করুন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত