মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ফ্রান্সের করারোপ

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৬:২৬ পিএম

কাজে এল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। তাকে ‘থোড়াই কেয়ার’ করে ফেসবুক, গুগল, আমাজন এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠানের ওপর করারোপের একটি আইন পাস করেছে ফ্রান্সের সংসদ।

এই আইনের কথা শুনে ট্রাম্প নড়েচড়ে বসেন। আইনটি খতিয়ে দেখতে চাওয়ার ঘোষণা দিয়ে ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দেন।

ইউরো নিউজের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে ব্যবসা করবে তার থেকে ৩ শতাংশ ট্যাক্স সেদেশের সরকারকে দিতে হবে। এতে প্রতি বছর আনুমানিক ৫০০ মিলিয়ন ইউরো আয় হবে তাদের।

ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লি মায়ার জানিয়েছেন, তারা ৩০টি কোম্পানিকে টার্গেট করেছেন। এর মধ্যে অধিকাংশ আমেরিকান কোম্পানি। কয়েকটি অবশ্য চীন, জার্মান, স্প্যানিশ এবং ব্রিটিশও আছে।

আইনে বলা হয়েছে, ৭৫০ মিলিয়ন ইউরোর বেশি লাভ করা ডিজিটাল কোম্পানির মধ্যে যারা ২৫ মিলিয়ন ইউরো ফ্রান্স থেকে আয় করে তারা করের আওতায় আসবে। চলতি বছর থেকেই এটি কার্যকর হচ্ছে।

শুধু তাই নয়; এখন অনলাইন বিজ্ঞাপন থেকে আয় করতে হলে প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাছে আবেদন করতে হবে।

করারোপ করার পর ফ্রান্স বলছে এটি সার্বভৌম একটি দেশের নিজস্ব সিদ্ধান্ত, ‘ফ্রান্স সার্বভৌম দেশ। এই সিদ্ধান্ত একান্ত নিজেদের। এটি বহাল থাকবে।’

ফেসবুক, গুগলের মতো মার্কিন প্রতিষ্ঠান গোটা বিশ্বে দেদারসে ব্যবসা করছে। অনলাইন বিজ্ঞাপন থেকে প্রতি বছর কয়েকশ কোটি টাকা আয় করে তারা।

ফ্রান্স তাদের ব্যবসায় করারোপ করায় অন্য দেশগুলো কী সিদ্ধান্ত নেয়, সেটি এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত