লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া গ্রামের কন্ট্রাক্টর বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় র্যাবের একটি দল জঙ্গি সন্দেহে প্রবাসী সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণা (২৪)কে আটক করেছে।
এ সময় র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে বেশ কিছু বই, স্বর্ণা আক্তারের ব্যবহৃত মোবাইল ও মেমোরি কার্ড নিয়ে যায়। আটক আলেয়া বেগম স্বর্ণা এক সন্তানের জননী।
গৃহবধূর শ্বশুর আবুল হোসেন বলেন, সন্ধ্যা ৬ টার দিকে র্যাবের ৪/৫ টি গাড়ি বাড়ির সামনে উপস্থিত হয়ে আমার সৌদী প্রবাসী পুত্র সালাউদ্দিন মিলনের স্ত্রী আলেয়া বেগম স্বর্ণাকে আমাদের বাড়ি থেকে আটক করে।
এসময় র্যাবের কয়েকজন সদস্য আমার পুত্রবধূকে কিছু মোবাইল নম্বরের ব্যাপারে প্রশ্ন করেন। পরে আর আমাদের সামনে কোন কথা বলেননি।
তিনি আরো জানান, পুত্রবধূ স্বর্ণা ঘরের বাহিরে তেমন একটা যেতো না। সে জঙ্গি বা অন্য কোন সমাজ কিংবা দেশদ্রোহী কাজে জড়িত থাকার সম্ভাবনা কম।
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর এস আই মো. এমদাদুল হক এমদাদ বলেন, র্যাব চট্টগ্রামে এক নারীকে গ্রেপ্তার করার পর ফেইসবুকে ওই নারীর সাথে কানেকশন সন্দেহে আলেয়া বেগম স্বর্ণাকে আটক করেছে।
