গাজীপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী ব্যবসায়ীদের অসহযোগিতাসহ নানা অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধরের প্রত্যাহার চেয়েছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ ও জেলা শহরের ৫টি কেব্ল নেটওয়ার্কের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ রানা এরশাদ বলেন, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তার বড় ভাই সাবেক ভিপি লিয়াকত হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ।
সংবাদ সম্মেলনে জাকির স্যাটেলাইটের মালিক শেখ আলী হোসেন, মাল্টিমিডিয়া কেব্ল ভিশনের মালিক জহিরুল হক, গাজীপুর স্যাটেলাইটের মালিক মমিনুর রহমান মিতু, মধ্যপাড়া স্যাটেলাইটের মালিক শহিদুল আলম ও উত্তর রাজবাড়ি স্যাটেলাইটের মালিক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
