কলাপাড়া হাসপাতালের সড়কটি মুমূর্ষু

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১২:১৮ এএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরবাসীর জন্য এখন এটি গলার কাঁটা। এ সড়কের কথা শুনলেই আঁতকে ওঠে রোগীসহ পথচারী ও যাত্রী পরিবহনের চালকরা। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের শেখ কামাল সেতু সংলগ্ন এ সড়কটিতে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কলাপাড়া পৌরসভা এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের পাল্টাপাল্টি অভিযোগে আটকে রয়েছে এ সড়কের উন্নয়ন কর্মকা-। পৌরসভা বলছে, এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের, আর সওজ বলছে শেখ কামাল সেতু নির্মাণের পর ফেরি চলাচল বন্ধ হওয়ায় সওজ বিভাগের কাছে এটি পরিত্যক্ত। তবে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে প্রভাবশালীদের মালিকানাধীন অর্ধশত ইটভাটার ইটবহনকারী থ্রি হুইলার, ব্যবসায়ীদের পণ্য বোঝাই ট্রাক, পিকআপসহ ভারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করায় ভোগান্তি পিছু ছাড়ছে না হাসপাতালে যাতায়াতকারী রোগীসহ রাস্তায় চলাচলকারী পথচারীদের।

জানা যায়, পৌর শহরের ফেরি ঘাট চৌরাস্তা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কের হাসপাতালের সামনে মাত্র কয়েকশ’ মিটার রাস্তা খানা খন্দের সৃষ্টি হওয়ায় সড়কটিতে বাড়ছে নাগরিক দুর্ভোগ। প্রতিদিন ঘটছে ছোটখাট দুর্ঘটনা। গর্ভবতী নারী, শিশু ও বয়োবৃদ্ধদের এপথ দিয়ে হাসপাতালে যাওয়া ঝুঁকিপূর্ণ। যদিও পৌরসভা ভাঙা ইটের টুকরো ফেলে দেখাচ্ছে তারা মেরামত করছে।

সওজের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস্ মোকাদ্দের জানান, ওই সড়কটি ফেরি ঘাটের সঙ্গে সংযোগ ছিল। ফেরি চলাচল বন্ধ হওয়ায় এটি পরিত্যক্ত অবস্থায় আছে। দীর্ঘদিনেও সড়কের ওই অংশে কোনো উন্নয়নকাজ না হওয়ায় এটি নালায় পরিণত হতে চলেছে। সড়কটি সংস্কারের বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত