উচ্ছেদ অভিযানে বাধা, তিনজনের কারাদণ্ড

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০১:২২ এএম

বুড়িগঙ্গা নদীর পাড় দখলমুক্ত করার অভিযানে বাধা দেওয়ায় তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় অবৈধ স্থাপনা ভাঙতে গেলে বাধা দেয় খেয়াঘাটের ইজারাদার। রাজধানীর নদী রক্ষায় চতুর্থ ধাপে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এদিন শ্মশানঘাট থেকে শ্যামপুর লঞ্চঘাট পর্যন্ত নদীর উত্তর পাড়ের মোট ৯০টি অবৈধ স্থাপনা ভাঙা হয়। অবমুক্ত করা হয় প্রায় ৭ একর জায়গা। নিলামে তোলা হয় ১ কোটি ৪৪ লাখ টাকার মালামাল।

কর্মকর্তারা জানান, দিনের শুরুতে অভিযান পরিচালনা করতে এসে বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। পোস্তগোলা শ্মশানঘাট এলাকার খেয়াঘাটের আশপাশের অবৈধ স্থাপনা ভাঙতে গেলে বাধা দেয় খেয়াঘাটের ইজারাদার ইব্রাহিম হোসেন রিপন ও তার ছোট ভাই ইকবাল হোসেন বাপ্পি। তারা বেশ কয়েকটি স্থাপনা ব্যবহার করলেও বিআইডব্লিউটিএকে ভাড়া দিতেন না। ভাড়া চেয়ে নোটিস দেওয়া হলেও সে বিষয়ে কর্ণপাত করেননি। গতকাল উচ্ছেদ করতে গেলে ওই দুজন বাধা দেন এবং উচ্ছেদ করা হলে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ দিলে রিপন ও তার ছোট ভাই বাপ্পির নির্দেশে কয়েকশ শ্রমিক বিআইডব্লিউটিএর কর্মীদের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলশ ঘাট ইজারাদার বাপ্পিসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং ভ্রাম্যমাণ আদালত তাদের ৩ মাস করে কারাদণ্ড দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত