সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সাহেবপাড়া এলাকার মিতালী মার্কেট দোকানদার সমিতির সাবেক অর্থ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক ও যুগ্ম সম্পাদক জামানের বিরুদ্ধে ৭ কোটি টাকা আত্মসাৎ এবং মার্কেটের জমি ও দোকান দখলের অভিযোগ তুলেছেন বর্তমান কমিটির নেতারা। গতকাল শুক্রবার বিকেলে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করায় মার্কেটে হামলাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান কার্যকরী কমিটির সভাপতি ইয়াছিন মিয়া, সহসভাপতি আনোয়ার জাফরী, সাধারণ সম্পাদক হাজি ফেরদৌস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক রাজুসহ অন্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি ইয়াছিন মিয়া বলেন, মিতালী মার্কেটের দোকানদার মালিক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলামের প্রত্যক্ষ মদদে জামান ও ফারুক সমিতিটির সাত শতাধিক দোকান থেকে তোলা টাকার মধ্যে ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং মার্কেটের ২০০ দোকান নিজেদের দখলে রেখেছেন।
মার্কেটে হামলা ও টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি করে জয়নাল আবেদীন ফারুক জানান, অনিয়মতান্ত্রিকভাবে বর্তমান কমিটি গঠিত হয়েছে। তাই সমিতির সদস্যরা এই কমিটির প্রতি অনাস্থা দিয়ে আগামী ১৫ জুলাই সভা আহ্বান করেছে।
