জনগণের ওপর নিপীড়ন চালিয়ে অবৈধ অর্থ উপার্জন করে সরকারের লোকজন ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এই অনৈতিক সুযোগ করে দিচ্ছে স্বয়ং সরকার।’
গতকাল শুক্রবার সকালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের নার্ভ বুঝতে পেরেছে যে, জনগণ আওয়ামী দুঃশাসনের কারণে তাদের ঘৃণা করে। আর ঘৃণা করার প্রতিশোধের অংশ হিসেবে ধারাবাহিক জুলুম চালানো হচ্ছে জনগণের ওপর। সেটিরই আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি।’
তিনি বলেন, ‘সরকারপ্রধান শেখ হাসিনা এখন বিশ্বজুড়ে যুগে যুগে স্বৈরাচারী শাসকদের জুলুমের শাসনকে ডিঙিয়ে সেরা স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন যন্ত্র ও দলীয় সন্ত্রাসীদের ওপর ভর করে দেশে ভয়াবহ নব্য বাকশালী দুঃশাসন জারি রাখা হয়েছে।’
রিজভী বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ যাতে বর্তমান অবৈধ সরকারের এ জুলুমের শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে না পারে, সে জন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশের আগে সকাল ১০টায় মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করেন। মিছিলটি কাকরাইল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
