মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয়ের এপিএ আজ

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৪৫ এএম

সরকারের সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) হবে আজ শনিবার। মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে

২০১৯-২০ সালের এপিএ অনুষ্ঠানে সরকারপ্রধান শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মসূচির গতিশীলতা আনতে মন্ত্রণালয় ও বিভাগগুলো টানা পঞ্চমবারের মতো এই এপিএ চুক্তি সম্পাদন করতে যাচ্ছে। এ নিয়ে মুজিবুর রহমান বলেন, এপিএ অর্থ হলো এক বছরে একটি মন্ত্রণালয় বা বিভাগের কতটুকু কার্য সম্পাদন করা হবে তার পরিকল্পনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মন্ত্রিপরিষদ সচিব এবং মন্ত্রণালয়ের মন্ত্রীদের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবসহ অন্য সচিবরা এই চুক্তিতে স্বাক্ষর করবেন।

ভারপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব জানান, চুক্তি স্বাক্ষরের পর জ্যেষ্ঠ সচিব ও সচিবরা প্রধানমন্ত্রীর কাছে এপিএ হস্তান্তর করবেন। তিনি বলেন, নতুন এপিএ ভিশন ২০২১, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি) নেওয়া প্রকল্পগুলোর আলোকে তৈরি করা হবে।

মুজিবুর রহমান বলেন, ‘চুক্তির আলোকে ২০১৯-২০ অর্থবছর শেষে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের মূল্যায়ন করা হবে। সরকারি কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি, সম্পদের সুষ্ঠু ব্যবহারসহ প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সরকার ২০১৪-১৫ অর্থবছর থেকে এই এপিএ পদ্ধতি প্রণয়ন করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত