রাঙ্গামাটির কাপ্তাইয়ে সিএনজিচালিত অটোরিক্সার ওপর পাহাড় ধসে পড়ে অতুল বড়ুয়া (৫০) ও আতামং মারমা প্রকাশ শিলাউ (৫৩) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরো চার জন আহত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বান্দরবান-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাপ্তাইয়ের রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক জানান, রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা অতুল বড়ুয়ার মালিকাধীন পাহাড় আছে কাপ্তাইয়ের কারিগর পাড়ায়। ওই পাহাড়ে তিনি ফলদ ও বনজ গাছের বাগান করেছেন। শিলাউ মারমা তার বাগানের কেয়ারটেকার। শনিবার সকালে তিনি কেয়ারটেকারকে সাথে নিয়ে বাগান দেখতে যান। সেখান থেকে ফেরার জন্য তিনি রাস্তার পাশে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষার একটি অটোরিক্সা এসে থামে। তারা অটোরিক্সায় ওঠার সময় হুড়মুড়িয়ে একটা পাহাড়ের অংশ ধসে তাদের ওপর পড়ে। এতে পাহাড়ের মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ঘটে।
এসময় অটোরিক্সার যাত্রী নুর হোসেন (২৮), আবুল শামা (৪৪) চিংহ্লাউ মারমা (৩৪) ও চালক জাহেদ (২৪) আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার অভিযান চালান, পরে ফায়ার সার্ভিসের টিম যায় ঘটনাস্থলে। প্রথমে মাটির নিচ থেকে অতুল বড়ুয়াকে এবং প্রায় ২ ঘণ্টা পর শিলাউ মারমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান, পাহাড় ধস হওয়ায় বর্তমানে রাঙ্গামাটির সাথে রাজস্থলী ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
