মেহেরপুরে বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়াসহ সব রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গতকালও মেহেরপুর জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শনিবার থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-মুজিবনগর সড়কেও বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে মেহেরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের অবৈধ আলগামন, নছিমন, পাওয়ার টিলার, ইজিবাইক ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেকে বৃষ্টিতে ভিজে বাইসাইকেল বা রিকশায় নিকট গন্তব্যে ও অফিস-আদালতে যেতে বাধ্য হচ্ছে।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের অভিযোগ, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দুবার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি শ্রমিকদের।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল গত শুক্রবার এক সম্মেলনে জানান, শ্রমিকরা মালিকদের সঙ্গে পরামর্শ ছাড়াই ধর্মঘট করে শৃঙ্খলা ভঙ্গ করেছে।
