জিয়া হত্যাকাণ্ডে লাভবান খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:১৪ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দলটির নেতারা জড়িত কি না সেটি খুঁজে বের করা দরকার মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর খালেদা জিয়াই সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি (লাভবান) হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দুবার প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপির মতো একটি দলের চেয়ারপারসন হয়েছেন। দুইবার রাষ্ট্র পরিচালনায় থেকেও বিএনপি জিয়া হত্যার বিচার চায়নি কেনÑ এ রহস্য উন্মোচন প্রয়োজন।’ জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেনাবাহিনীর হাজার হাজার অফিসারকে ধরে এনে বিনা বিচারে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। আমি মনে করি, জিয়াউর রহমান পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি কমিশন গঠন করে যারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিচার করা প্রয়োজন।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও স্বাধীন বংলা বেতার কেন্দ্রের শিল্পী খন্দকার রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কামাল চৌধুরী, অরুণ সরকার রানা প্রমুখ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত