অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল তাদের ভয়াবহ পরিণতি হয়েছে: এমাজউদ্দিন

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:১৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি অত্যন্ত দূরদর্শী। আপনি দেশের জনগণের আকাঙ্খা বুঝে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পদক্ষেপ নিন। তাকে মুক্তি দিন। নতুবা অন্যায় এবং অবৈধভাবে যারাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, ইতিহাসে তাদের ভয়াবহ পরিণতি হয়েছে, এখানেও তার ব্যতিক্রম হবে না’।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দিন আহমদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ৩০ ডিসেম্বর না বলে ২৯ ডিসেম্বরের নির্বাচন বলাই ভালো। কারণ নির্বাচনের নামে মস্ত বড় প্রহসন ঘটেছিল, যা জাতি দেখেছে। সেদিন এক দুঃস্বপ্ন জাতি দেখেছে। মুক্তিযুদ্ধে এদেশের মানুষ যতটুকু অর্জন করেছিল তা থেকে দেশ একটুও এগোয়নি বরং পিছিয়েছে।

এমাজউদ্দিন আহমদ বলেন, আমরা দেখি, দুই কোটি টাকাকে কেন্দ্র করে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে। যদিও ওই দুই কোটি টাকার একটি টাকাও অপচয় হয়নি। বরং ওই টাকা বেড়ে সাত কোটি হয়েছে। অথচ হাজার হাজার কোটি টাকা যারা মেরেছে তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী চলছেন। এ ভয়ংকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দেশে ন্যায়বিচার আজ ভূলুণ্ঠিত। মিথ্যা মামলা দিয়ে জুলুম, নির্যাতন করা হচ্ছে। আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আইনজীবীদের দায়িত্ব রয়েছে। খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দিয়েছে, তা প্রত্যাহার করে তাকে মুক্তি দিন। অন্যথায় দেশে একটা বড় গণবিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণে সরকারের পতন হবে।

অনশন কর্মসূচি শেষে এমাজউদ্দিন আহমদ পানি খাইয়ে আইনজীবীদের অনশন ভাঙান।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহমেদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত