বাগেরহাটের ফকিরহাটে মালবোঝাই ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ সময় চালকের সহকারীও আহত হন। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ট্রাক চালক কামাল খুলনার নুরনগর এলাকার ও আহত চালকের সহকারী শামীম টুটপাড়া এলাকার বাসিন্দা।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.মাসুদ সরদার জানান, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে মোংলা থেকে বিদ্যুতের সরমঞ্জাম নিয়ে বরিশালে যাবার পথে মালবোঝাই ট্রাকটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। পরে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক চালক কামাল এবং তার সহকারী শামিম গাড়ির ভেতরে আটকে পড়েন।
খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে দুজনকে উদ্ধার করে। এর মধ্যে ট্রাকের চালক কামাল ঘটনাস্থলেই মারা যান এবং তার সহকারী গুরুতর আহত হন। আহত শামীমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
