ইরানের চুক্তি রক্ষায় ইইউ দেশগুলোর বৈঠক

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১২:০২ এএম

২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি রক্ষা করতে বৈঠকে বসে এতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো। গতকাল সোমবার ব্রাসেলসে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হন বলে জানিয়েছে এএফপি।

২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। সোমবার ব্রাসেলসে তিন ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানকে প্রতিশ্রুতি রক্ষায় উৎসাহিত করার চেষ্টা করা হয়। বৈঠক সামনে রেখে তিন দেশের এক যৌথ বিবৃতিতে ওই চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। সম্পর্ক নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে গভীর সমস্যায় পড়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি দায়িত্বের সঙ্গে কাজ করা, উত্তেজনা নিরসনের পথ খোঁজা এবং আবারও আলোচনা শুরুর সময় এসেছে।’ ‘ঝুঁকি এমন যে সব অংশীদারেরই থামার দরকার রয়েছে, আর নিজেদের কর্মকাণ্ডের সম্ভাব্য পরিণতি বিচার করার প্রয়োজন রয়েছে’।

ইউরোপীয় দেশগুলোর ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এ বছরের মে মাসে চুক্তি থেকে আংশিক সরে আসার ঘোষণা দেয় তেহরান। ইউরোপীয় ইউনিয়নকে সমঝোতা বাস্তবায়নের জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত