ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিমের প্রধান ও সংস্থার পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের সঙ্গে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধানে মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জুলাই আদালতে আবেদন জানান শেখ মো. ফানাফিল্যা। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস ১৫ জুলাই জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।
