বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভাগীয় সমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিভাগীয় সমাবেশের নামে বিএনপি অতীতের মতো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সহ্য করা হবে নাÑ তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আপনি যে বিশৃঙ্খলার কথা বলছেন, সেটিই তো উসকানিমূলক, একটা অশুভ উদ্দেশ্য নিয়েই এ ধরনের বক্তব্য রাখছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে তো কোনো সমাবেশই হবে না, নিজেদের আয়োজনে নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করবÑ এই কথা কি কেউ বিশ্বাস করবে? এসব কথা বলে তথ্যমন্ত্রী নিজেই পরিবেশ তিক্ত করছেন।
