ফরিদপুরে নির্দিষ্ট সময়ে সম্পত্তির বিবরণ না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. সেলিম মিয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই পুলিশ কর্মকর্তার নাম এসএম বদরুল আলম। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে বদরুল গাজীপুর জেলার হাইওয়ে পুলিশের এএসপি হিসেবে কর্মরত।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালে বদরুল যশোরের ঝিকরগাছা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। ওই বছর ৪ মে তার সম্পত্তির হিসাব চেয়ে সাত দিনের মধ্যে তা দুদকে জমা দিতে বলা হয়, কিন্তু তিনি তা দেননি। পরে দুদকের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হোসেন বাদী হয়ে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর বদরুলকে আসামি করে মামলা করেন জেলা ও দায়রা জজ আদালতে। পরে তিনি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। ২০১৪ সালের ১৬ জুন এ ব্যাপারে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। ২০১৬ সালের ২৬ জুলাই হাইকোর্ট রুলটি খারিজ করে।
জেলা দুদকের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস জানান, রুল খারিজ করে দিলেও বদরুল এ সত্য গোপন রাখেন। বুধবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
