বড়পুকুরিয়া কয়লাখনি

শ্রমিকদের বিক্ষোভে অফিস করতে পারেননি এমডি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১১:০০ পিএম

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমানকে বদলির পরও তিনি অফিস করায় বিক্ষোভ করেছে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিক্ষোভের মুখে এমডি অফিসে প্রবেশ করতে পারেননি। সকাল হতে বিকেল ৫টা অফিস সময় পর্যন্ত শ্রমিকরা খনির সব যানবাহন চলাচল বন্ধ রাখে। এতে খনির দাপ্তরিক কাজে অচলাবস্থা সৃষ্টি হয়। খবর পেয়ে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নানা আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ও তদন্ত রিপোর্ট প্রকাশের মুখে গত মঙ্গলবার বিকেলে মো. ফজলুর রহমানকে এমডি থেকে সরিয়ে মধ্যপাড়া কঠিন শিলাখনির ব্যবস্থাপনা পরিচালক পদে বদলির আদেশ দেয় পেট্রোবাংলা কর্তৃপক্ষ। কিন্তু বদলি আদেশ পাওয়ার পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে বর্তমান কর্মস্থলে অফিস করার চেষ্টা করেন। এতে তার অতীত কর্মকা-ের জন্য ক্ষতিগ্রস্ত, ক্ষুব্ধ শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালকের গাড়ির চালকসহ খনির সব যানবাহনের চাবি নিজেদের কব্জায় নিয়ে নেয়।

বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল ওয়াহেদ বলেন, এমডি ফজলুর রহমান স্যার দায়িত্বে থাকাকালে শ্রমিক-কর্মচারীদের কোনো কারণ ছাড়াই বদলি, শোকজ, পরামর্শপত্র, সতর্কতাপত্র ও এসিআর খারাপ দেওয়ার হুমকি ছাড়াও নানাভাবে হয়রানি করেন। খনির শ্রমিক-কর্মচারী চান, তাকে যেখানে বদলি করা হয়েছে তিনি সেখানেই চলে যান। তার আর কয়লাখনিতে ফিরে আসার প্রয়োজন নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদ্য বদলি হয়ে যাওয়া (এমডি) ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেহানুল হক বলেন, খনি এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত