সাভারে খাল থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১১:০২ পিএম

সাভারে খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাধারপুর গ্রামের পাশের খাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত রিফাত শেখ (১০) উপজেলার সাধারপুর গ্রামের দাদন শেখের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে রিফাতসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ওই খালে গোসল করতে যায়। গোসল শেষে রিফাত ছাড়া সবাই মাদ্রসায় ফিরে যায়। রিফাতের বাসা মাদ্রাসার পাশে হওয়ায় সে প্রতিদিন বাসা থেকেই মাদ্রাসায় যাতায়াত করত। এদিকে রাত হয়ে গেলেও রিফাত বাসায় না ফেরায় পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সে মাদ্রাসায় নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন গতকাল বুধবার দুপুরে স্থানীয়রা মাদ্রাসার পাশের খালটিতে রিফাতের ভাসমান মৃতদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করে।

সাভার মডেল থানার এসআই এখলাস উদ্দিন শাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিফাত সাঁতার না জানায় খালে  গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত