৫১ শিক্ষার্থী জিপিএ ৫ নিয়ে মাগুরা জেলার মধ্যে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শীর্ষে রয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় এবার ৭ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৬৩০ জন। পাসের হার ৭১ দশমিক ৮৮। জিপিএ ৫ পেয়েছেন ১৪৯ জন। অন্যদিকে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫০৬ জন। পাস করেছেন ৪৬৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন।
এ বছর এইচএসসি পরীক্ষায় বৃহত্তম কলেজ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে মোট ১২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০৬৫ জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫১ পরীক্ষার্থী। ৮৩ দশমিক ০২ শতাংশ পাসের হার নিয়ে জেলার সেরা এ কলেজ। গত বছরের তুলনায় এ বছর ২০ শতাংশ শিক্ষার্থী বেশি পাস করেছেন। যশোর বোর্ডে পাসের হার যেখানে ৭৫ দশমিক ৬৫ শতাংশ সেখানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভালো ফলাফলে খুশি অভিভাবকরা। এছাড়া গত বছরের তুলনায় ভালো ফল করায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা গেছে।
সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছেন ১৫ জন শিক্ষার্থী। সদরের নাজির আহমেদ ডিগ্রি কলেজ থেকে ৪ জন, শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজ থেকে ১১ জন, সরকারি শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে ৬ জন, শ্রীপুর মহিলা কলেজ থেকে ২ জন, শ্রীপুর জিকে আইডিয়াল কলেজ থেকে ৩ জন জিপিএ ৫ পেয়েছে।
