নড়াইল সাব-রেজিস্ট্রি অফিস

পিয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১১:১৩ পিএম

নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক (পিয়ন) কোটিপতি তরিকুল ইসলাম ও তার স্ত্রী নাছরিন বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। গত মঙ্গলবার যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল।

দুদকের অনুসন্ধানকালে তরিকুল ইসলাম নিজের নামে ১০ হাজার টাকার স্থাবর সম্পত্তির হিসাব দেন। স্ত্রী নাছরিনের নামে ৩৮ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেন। অথচ দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সৌরভ দাস ও সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল দীর্ঘ অনুসন্ধানে পান ৪৭ লাখ ৫২ হাজার ৪৩৩ টাকা। দেনা দেখিয়েছেন ৭ লাখ ৮০ হাজার টাকা। দুদকে দেওয়া সম্পদের হিসাব বাদ দিলে জ্ঞাত আয়বহির্ভূত ১৬ লাখ ৫২ হাজার ৪৩৩ টাকার হিসাব গোপন করেছেন।

স্বামী-স্ত্রী পরস্পরের সহায়তায় প্রদর্শিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ গোপন করে দখলে রাখার অপরাধে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি হয়েছে।

তরিকুল ইসলাম ২০০১ সালের ৫ সেপ্টেম্বর নড়াইল জেলা রেজিস্ট্রি অফিসে নাইটগার্ড পদে যোগদান করেন। ২০০৩ সালের ৮ ফেব্রুয়ারি পিয়ন পদে পদোন্নতি পান। একই পদে ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি কালিয়ায় বদলি হন। কালিয়া অফিসে যোগদানের পর তিনি অবৈধ পন্থায় কোটিপতি বনে যান বলে বিভিন্ন প্রচার মাধ্যমে এখন আলোচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত