গাজীপুর ও মাদারীপুরে ২ জেলের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১১:১৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিল এবং মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ধানক্ষেত থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে এবং এর আগের দিন গত মঙ্গলবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় বজ্রপাতে তারা মারা গেছেন।

গাজীপুরের কালিয়াকৈরে নিহত কালু মিয়া (৫০) উপজেলার মৌচাক ইউনিয়নের ভাঙ্গালঝাঙ্গাল এলাকার কাবেল উদ্দিনের ছেলে।

মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, কালু মিয়া গত মঙ্গলবার বিকেলে পাশের মকস বিলে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও ওইদিন সারা রাত তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে ওই বিলে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, মাদারীপুর সদরের রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের একটি ধানক্ষেত থেকে গত মঙ্গলবার রাতে উদ্ধার করা হয় শ্রী বৈরাগীর মরদেহ। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রামে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানিয়েছেন, ধানক্ষেতে অল্প পানির মধ্যে পড়ে থাকা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সহকর্মী অন্য জেলেরা কয়েক দিন ধরে তার খোঁজ করছিলেন। যেভাবে লাশ পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে বা সাপের কামড়ে তিনি মারা গেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত