নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখায় রাজধানীর বনানীর ‘তার্কা’ রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরীর নেতৃত্বে গতকাল বুধবার এই অভিযান চালানো হয়। তিনি বলেন, বনানীর ‘তার্কা’ রেস্টুরেন্টে দুধসহ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। তাই নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ৪ লাখ জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে এ বিষয়ে তদারকি করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শান্তনু চৌধুরী বলেন, আমরা প্রতিষ্ঠানকে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখব যেন তারা নিজেদের সংশোধন করে নিতে পারে। তিনি আরও বলেন, রেস্টুরেন্টের রান্নাঘরে এমন কিছু পণ্য মিলেছে যার মধ্যে পণ্য উৎপাদন তারিখের কোনো উল্লেখ নেই। এ বিষয়ে জানতে চাইলে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
×
