মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দেশটির সেনাপ্রধানসহ শীর্ষ চার জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞার শিকার ওই চার সেনা কর্মকর্তাসহ তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে বিবিসি। এই চারজন হলেনÑ মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, উপপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সো উইন, ব্রিগেডিয়ার জেনারেল থান ও ব্রিগেডিয়ার জেনারেল অং অং।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার মুখে পড়া সেনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া দেশটির কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তারা ব্যবসায়িক লেনদেনও করতে পারবেন না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপের পর এক বিবৃতিতে বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করতে কোনো উদ্যোগই ‘বার্মা’ সরকার নেয়নি। এতে আমরা উদ্বিগ্ন। তা ছাড়া দেশটির সেনাবাহিনী সারা দেশেই নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে।
২০১৭ সালে রাখাইনের ইনদিনে সেনা অভিযানের সময় শিশুসহ ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার পর লাশ পুঁতে ফেলার ঘটনায় সাত সেনাসদস্যকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল সামরিক আদালতে। কিন্তু সাত মাস না যেতেই তাদের গোপনে ছেড়ে দেওয়া হয়। সেনাপ্রধান মিন অং হ্লাইং নিজেই ওই সাতজনকে মুক্তির ওই আদেশ দিয়েছিলেন বলে সম্প্রতি তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
