বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তৃতীয় আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টা ৫ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তবে কখন কোথা থেকে রিশানকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তেরর স্বার্থে তা জানায়নি পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে গ্রেপ্তারের কথা গণমাধ্যমকে জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
রিশান ফরাজী বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং ওই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, “প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে এ মামলার অন্যতম পলাতক আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।”
তিনি আরও বলেন, “এ মামলার চারজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন। গ্রেপ্তার রিশান ফরাজীকে আজই আদালতে হাজির করে রিমান্ড আবেদন করব আমরা।”
গ্রেপ্তারদের মধ্যে ১০ জন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি।
গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
