৪০ হাজার বস্তা নষ্ট সার প্যাকেট করার সময় জব্দ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:০৬ এএম

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গত বুধবার রাত ৮টার দিকে সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ৩ কোটি টাকা মূল্যের প্রায় ৪০ হাজার বস্তা নষ্ট ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আক্তার ফার্টিলাইজারের গুদামে থাকা নষ্ট ওই সার মেশিনে গুঁড়া করে প্যাকিং করার সময় জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার অদূরে মশরহাটিতে অবস্থিত আক্তার ফার্টিলাইজারের গুদাম ভাড়া নিয়ে ঢাকার মতিঝিলের সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং কর্র্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পানিতে ভেজা ও জমাটবাঁধা ইউরিয়া সার মেশিনের মাধ্যমে গুঁড়া করে বিভিন্ন দেশের মোড়ক লাগানো বস্তায় ভরে তা বাজারজাতের প্রক্রিয়া করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৩ কোটি টাকার মূল্যের ৪০ হাজার বস্তা নষ্ট ও পানিতে ভেজা জমাটবাঁধা সার জব্দ করেন। একই সঙ্গে আটক করা হয় সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিংয়ের কর্মচারী গাজীপুরের আবুল কালামের ছেলে রাশিদুল ইসলাম ও আবদুল মজিদের ছেলে শহিদুল ইসলামকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত