ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় বিদেশ থেকে নতুন ওষুধ আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, কেমন ওষুধ আনা হবে তা নির্ধারণে একটি কমিটিও করা হয়েছে।
বারিধারার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিষয়ক সচেতনতামূলক ওই সভা হয়। মেয়র আতিকুল বলেন, আমাদের ওষুধ পরীক্ষার সময় যত মশা মরার কথা ছিল তা মরেনি। এটা সত্য। এজন্য নতুন ধরনের ওষুধ কিনতে, কী ধরনের ওষুধ কেনা উচিত তা নির্ধারণে সরকারি-বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞ নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
‘এডাল্টিসাইড ওষুধের’ কার্যকারিতা নিয়ে সন্দেহের কথা স্বীকার করে তিনি বলেন, মশক নিধনে দুই ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি। একটি সকালের দিকে লার্ভিসাইড এবং আরেকটি বিকেলের দিকে এডাল্টিসাইড । লার্ভিসাইড নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠেছে এডাল্ডিসাইড নিয়ে। আমরা সেটি নিয়ে কাজ করছি। আটটি সংস্থার বিশেষজ্ঞরা আছেন এই টেকনিক্যাল টিমে।
এর আগে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র আতিকুল বলেন, আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা সচেতন হলে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে। আর এডিস মশা নিয়ন্ত্রণে এলে ডেঙ্গু বা চিকুনগুনিয়া আমাদের স্পর্শ করতে পারবে না। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মমিনুর রহমান মামুন, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, কলেজের অধ্যক্ষ ড. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
