রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় রবিবার থেকে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা প্রথমে দোয়েল চত্বরে
অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। পরে টিএসসি মোড়ে অবস্থান নেন তারা। দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। অধিভুক্তি বাতিলসহ অন্য দাবিগুলো হলোÑ দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।
এ বিষয়ে ‘সাত কলেজ বাতিল চাই’ ফোরামের মুখপাত্র শাকিল আহম্মেদ বলেন, ‘আগামী শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় আন্দোলন স্থগিত থাকবে। রোববার থেকে যথারীতি সব বিভাগ ও ইনস্টিটটিউটে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিনও বিক্ষোভে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল ২৫টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশ নেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যান। অবরোধের কারণে দুপুর আড়াইটা পর্যন্ত শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
