বর্তমানে প্রায় সব মানুষের হাতে হাতেই স্মার্টফোন থাকে। অসতর্ক মুহূর্তে এই স্মার্টফোন হাত থেকে মাটিতে পড়ে যাওয়াও খুবই স্বাভাবিক ঘটনা। হাত থেকে মাটিতে পড়ে গেলে অনেক সময় দাগ পড়ে যাওয়া, স্ক্রিন ফেটে যাওয়ার পাশাপাশি স্মার্টফোন নষ্টও হয়ে যেতে পারে। তবে, এ সমস্যার একটি সমাধান আবিষ্কার হয়েছে, যার নাম ‘মোবাইল এয়ারব্যাগ’।
বাজারে প্রচলিত মোবাইল সুরক্ষা কাভারগুলো থেকে এটি পুরোপুরি আলাদা। একজন জার্মান শিক্ষার্থীর আবিষ্কৃত এই ‘এয়ারব্যাগ’ মোবাইল হাত থেকে পড়লেই নিজে থেকে খুলে যায়। বর্তমানে বাজারে মোবাইল রক্ষা করার জন্য অনেক ধরনের কেস রয়েছে। যেমনÑ ক্র্যাকস, স্ক্র্যাপস, ওয়াটার ড্যামেজ এবং আরও অনেক। কিন্তু, এই কেসগুলোর দামও বেশি, ওজনেও ভারী। কিন্তু, হাত থেকে ফোন পড়ামাত্র তা বুঝতে পারে নতুন আবিষ্কৃত ফোন কেসে থাকা এডি অর্থাৎ, অ্যাক্টিভ ড্যাম্পিং। এই এডি সলিউশনকে পেটেন্টের জন্য রেজিস্ট্রার করা হয়েছে। এই সলিউশনটি বুঝতে পারে ফোন কখন শূন্যতায় রয়েছে। তখনই স্প্রিং খুলে যাবে। খুলে যাবে এয়ারব্যাগও। এর ফলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে আপনার ফোন।
এই অভিনব ফোন কেসটির আবিষ্কারক ফিলিপ ফ্রেনজেলের বয়স ২৫ বছর। তিনি জার্মানির অ্যালেন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করছেন। অসতর্কতার ফলে তার স্মার্টফোন পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তার পরই তিনি পড়ে যাওয়া ফোনকে ক্ষতির হাত থেকে বাঁচাতে একটি সিস্টেম তৈরির চিন্তাভাবনা শুরু করেন। দীর্ঘ চার বছরের চেষ্টার পর অবশেষে নিজের লক্ষ্যে সফল হন তিনি। ফিলিপ এমন একটি কেস আবিষ্কার করেন, যার মধ্যে সেন্সর রয়েছে। ফোন কখন হাত থেকে পড়ে শূন্যে রয়েছে তা বুঝতে পারে এই সেন্সর এবং ‘মোবাইল এয়ারব্যাগ’ কেসে থাকা চারটি স্প্রিংকে খুলতে নির্দেশ দেয়। এই স্প্রিংগুলোই ফোন মাটিতে পড়ামাত্র লাফ দিতে সাহায্য করে। তবে, এখনো পর্যন্ত ‘মোবাইল এয়ারব্যাগ’ বা এডি কেস বাজারে আসেনি। যদিও, ফ্রেনজেল এই অভিনব কেসটির পেটেন্ট পেয়ে গেছেন। শিগগিরই তিনি এই প্রযুক্তিকে বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।
