রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনিপাড়ার সড়কে হাঁটা অবস্থায় গ্যাস সংযোগের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মো. রায়হান (১৪) নামের এক স্কুলছাত্র দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও মডেল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রায়হান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হানকে হাসপাতালে নিয়ে আসা মিজানুর রহমান জানান, তেজকুনিপাড়ার জাকির মিয়ার গলি দিয়ে হেঁটে যাচ্ছিল রায়হান। ওই সময় রাস্তার পাশ থেকে হঠাৎ শব্দ তৈরি হয়। আগুনের শিখা এসে তার মুখ ও দুই হাত দগ্ধ হয়।
বাবা ইকবাল হোসেন দেশ রূপান্তরকে জানান, জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিল রায়হান। তখনই এ দুর্ঘটনার শিকার হয় সে। তারা তেজকুনিপাড়ার কারখানা গলির ১৭৭/৩ নম্বর বাসায় থাকেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ ও এএসআই আবদুল্লাহ খান জানান, রায়হানের মুখে ও দুই হাতের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
