কুষ্টিয়া মিরপুর উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী তালবাড়িয়া ইউনিয়নের ৮টি গ্রামে নদী ভাঙনের ঝুঁকিতে আতঙ্কিত এলাকাবাসী। নদীর পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে দেখা দিয়েছে নদী ভাঙন।
পরিস্থিতি সামাল দিতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানান নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কণ্ডু।
শনিবার বেলা ১২টায় সরেজমিনে এই ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসলাম হোসেন। এসময় তিনি বলেন, পদ্মা-গড়াইয়ের বন্যা ও সমূহ সম্ভাব্য ভাঙনসহ বিপর্যয় মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে কোন মূল্যে সম্ভাব্য বিপর্যয় থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার প্রাথমিক প্রস্তুতিও রয়েছে।
আক্রান্ত ৮টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র মহাসড়কসহ রক্ষায় এখনও প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি অভিযোগ করে দ্রুত প্রতিরক্ষার দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
