সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:৫১ এএম

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাশিয়ার রাজধানী মস্কোতে ২০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে জড়ো হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিরোধী প্রার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে, সেই দাবিতে হয় এই বিক্ষোভ।

নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা অর্জন করার জন্য অন্তত ৫০০০ মানুষের স্বাক্ষর জড়ো করতে হয়, যা বিরোধী প্রার্থীরাই জোগাড় করেছে ।

সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্স নাভালনিসহ অন্যান্য বিরোধী দলীয় নেতারাও সমর্থকদের সাথে বিক্ষোভে যোগ দেন।

বিরোধী দলের অন্তত ৩০ জন প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, প্রশাসনবিরোধী নেতাদের পক্ষে জড়ো করা সমর্থকদের স্বাক্ষর, যে পদ্ধতিতে যাচাই করে বাতিল ঘোষণা করা হয়েছে - তা ভুল।

বিক্ষোভের আয়োজকেরা ফেসবুকে জানিয়েছে, ‘দুর্বৃত্ত, জালিয়াত, প্রতারক এবং চোর মুক্ত’ রাশিয়ার জন্য তারা বিক্ষোভ করছেন।

রাশিয়ায় ব্যাপকভাবে দুর্নীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার মান নামতে থাকার কারণে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে; এসব কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রতি মানুষের সমর্থনও কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত